জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই)।
এক বিজ্ঞপ্তিতে পোশাক মালিকদের সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে। পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।
এতে আরও বলা হয়, তবে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল পোশাকশিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” হিসেবে ঘোষণা করে। গত ২ জুলাই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্টকে “ক” শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। দিবসটি ঘিরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে।