অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে।
ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও “আটাব অনলাইন” নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
এতে আরও বলা হয়, অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন পর্যন্ত হয়েছে। আটাব সংস্কার পরিষদ নামের একটি পক্ষ সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের জন্য আবেদন করে।
এই প্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।
এই আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকার জেলা প্রশাসক (ডিসি), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থায় পাঠানো হয়েছে।