জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৭৩ জন সাবেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
সভা শেষে ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘‘গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ সংক্রান্ত অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, ‘‘অভিযুক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তদের হামলার সঙ্গে জড়িত থাকার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া না যাওয়ায় তাদেরকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আমরা পরোক্ষ কোনো সাক্ষ্যও পাইনি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাদের জড়িত থাকার কোনো সূত্র দেখা যায়নি।’’