জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের দাফন আজ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ একবছর পর দাফন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সাড়ে বারোটার দিকে আঞ্জুমান মফিজুল এর কাছে এই ছয়জনের মরদেহ হস্তান্তর করা হয়। তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

গত একবছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছিল তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের পরিচয় নিশ্চিত হতে না পারায় অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের।

নিহত ছয় মৃতদেহের মধ্যে পল্টন এলাকা থেকে একজনের মৃতদেহ, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজনের মৃতদেহ ও ঢামেক হাসপাতাল থেকে এক নারীসহ দুই মরদেহ উদ্ধার হয়।

পরে তাদের শাহবাগ থানার পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈয়ার করে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের মরচুয়ারীতে রাখা হয়। তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, “আদালতের নির্দেশে যুগ্ন কমিশনার (ক্রাইম ) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলম এর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এই ছয় মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, নিখোঁজের খোঁজ নিতে আসা কেউই এই ছয়টি মৃতদেহ দেখে শনাক্ত করতে পারেনি। এখনো কারো ডিএনের সঙ্গেও মেলেনি। পরেও যদি কেউ  নিখোঁজের খোঁজে আসেন, তারা ডিএনএ জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন।