রংপুরে বাড়ি থেকে গলাকাটা লাশ উদ্ধারের পর সেনা সদস্য গ্রেপ্তার

পুলিশ জানায়, নগরীর ভগিবালাপাড়ায় ওই সেনা সদস্যের বাড়িতে নিহত অটোচালকের লাশ লুকিয়ে রাখা হয়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচালক আরিফুল হকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সেনা সদস্য ও আরও একজনকে গ্রেপ্তারে করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

‎পুলিশ জানায়, নগরীর ভগিবালাপাড়া এলাকায় সেনা সদস্য শাহীনের বাসায় ভাড়া থাকতেন অটোচালক আরিফুল। মাদক ও জুয়া খেলা নিয়ে আরিফুলের সঙ্গে শাহীনের দ্বন্দ্ব চলছিল। গত সোমবার থেকে অটোচালক আরিফুল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আরিফুলের বাবা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর পুলিশ আরিফুলের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে পুলিশ নিশ্চিত হয় অটোচালক আরিফুলের মরদেহ সেনা সদস্য শাহিনের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে শাহিনের বাড়ি থেকে কম্বলের মধ্যে পেঁচানো অবস্থায় আরিফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাত ছিল। তাকে মাথায় আঘাত করার পর জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালী মেট্রো থানার ওসি ওয়াদুদ আলম রাত ৮টায় সাংবাদিকদের জানান, সেনা সদস্য শাহিন ও রাসেল দুজনে পরিকল্পিতভাবে অটোচালক আরিফুলকে জবাই করে হত্যা করেছে। আরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় রাশেদুল ইসলাম রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে সেনা সদস্য শাহিনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতে শাহিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।