দেশে গত এক দিনে (রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন।
রবিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪,১৮৩ জন। আগস্টে এখন পর্যন্ত ৩,২০৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,৩৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৮৯ জন, বাকি ৯৮৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০,৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯ অগাস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৭৫৫ জন রোগী। জুন মাসে ৫,৯৫১ জন, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১,৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই বছর ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। অগাস্টের প্রথম নয় দিনে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কেউ মারা যায়নি।