রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
ঈদ-উল-আজহার আগের দিন (বুধবার, ২৭ মে) ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ৬ শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ৬ শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়।
পরবর্তীতে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।
প্রতিশ্রুতি অনুযায়ী তদন্ত কমিটির প্রতিবেদনের সারমর্ম বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।



