Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

শজিমেক হাসপাতালে আগুন, অপারেশন থিয়েটারের সরঞ্জাম ভস্মীভূত

রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কক্ষটিতে থাকা মাইনর চক্ষু অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন দামি চিকিৎসা সরঞ্জাম ও সামগ্রী পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে হাসপাতালের কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে চক্ষু চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভস্মীভূত হয়।

ঘটনার পর কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, “চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

   

About

Popular Links

x