প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর শ্বশুর।
মঙ্গলবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার। এএসআই শাকিল আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
এএসআই শাকিল আহমেদের তিন সন্তান রয়েছে। এবং প্রবাসীর স্ত্রী দুই সন্তানের মা। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
জানা গেছে, গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী কয়েক মাস আগে চাটমোহর থানায় একটি কাজে যান। সেখানে এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, জড়িয়ে পড়েন বিবাহবহির্ভূত সম্পর্কে। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। সেখানে যাতায়াত করতেন শাকিলও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে গৃহবধূকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। পুত্রবধূকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর থানায় একটি জিডি করেন গৃহবধূর শ্বশুর।
অভিযোগের বিষয়ে জানতে এএসআই শাকিল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
পাবনার সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিলের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”