সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ের জামাই ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন ও একই গ্রামের আকবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।”