কক্সবাজারে হোটেলে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব।

তিনি বলেন, “সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কক্সবাজারে। কিন্তু আজ শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য উপদেষ্টার পরামর্শক্রমে সফর সূচি সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার অসুস্থতার খবরে রবিবার অনুষ্ঠেয় কর্মশালা স্থগিত করা হয়েছে।