কমছে না ডেঙ্গুর দাপট, একদিনে হাসপাতালে ভর্তি ৩৮০ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগস্টে এখন পর্যন্ত ৫,৭৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২২ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,২৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৪২১ জন, বাকি ৮৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে-তে ৩, জুনে ১৯ এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।