পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়লেন ছাত্রী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন।

তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও শিক্ষকেরা জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

জানা গেছে, শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী রবিবার বাদ জোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।