চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় সকালে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে ডুবে যাওয়ার পর বিকেলে ওই শিশুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলো, সদর উপজেলার বাখের আলী গ্রামের মো. জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, “জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩টার দিকে এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়।”
সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



