ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়তেই আছে। পাশাপাশি দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।
আর চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন ২৬ হাজার ৮৯৭ জন। সবমিলিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।



