কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে গড়িমসির অভিযোগে ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ‘মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে’ এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেসার্স শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের গোডাউনে ৩৪০ বস্তা সার মজুত ছিল। সকালে আড়াই শতাধিক কৃষক সারের জন্য সেখানে জড়ো হন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর ডিলার সার বিক্রিতে গড়িমসি শুরু করলে সার না পাওয়ার শঙ্কায় কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা গোডাউনের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭টি বস্তা (মোট ৯ হাজার ৮৫০ কেজি) সার নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, স্থানীয় চাহিদার তুলনায় বরাদ্দ কম ছিল এবং ডিলার সময়মতো সার না দেওয়ায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় ইতোমধ্যে ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে অভিযান চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, চলতি আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই এবং ৬৮০ টন সারের পুরোটাই বরাদ্দ পাওয়া গেছে। কৃষকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও আতঙ্কের কারণে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, "কিছু বিশৃঙ্খলাকারী প্যানিক ছড়িয়ে গোডাউনের দরজা ভেঙে সার লুট করেছে। সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনার পর থেকে ডিলার তাইফুর রহমান মুকুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।



