ঘরে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পিছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সাবেক সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।”

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।