দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে চলমান “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিকেল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম “প্রকৌশল অধিকার আন্দোলন”।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে জনদুর্ভোগ এড়াতে তারা মাঠের কর্মসূচি সীমিত রাখার চেষ্টা করছেন।
এদিকে, বুধবার রাতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর রাজধানীর মিন্টো রোডে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাত ১০টার দিকে শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন এবং কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন।
পরে রাত ১১টার দিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি তুলে নেন।
এরও আগে, তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা।
পরে বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।