দিনাজপুরের নবাবগঞ্জে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তিনজনকে হাতে-নাতে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তদের বাড়ি নেত্রকোণা, নীলফামারী ও রংপুর জেলায়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান জানান, তারা সংবাদ পান উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস প্রস্তুত করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, একটি অসাধু চক্র এভাবে মানুষকে বোকা বানাচ্ছে, প্রশাসনের তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা দরকার। গরুর মাংস বলে কিভাবে ঘোড়ার মাংস বিক্রি করা সম্ভব, তা নিয়ে বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেন তারা।