Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৮ আঙুল নিয়ে জন্ম নিল কন্যাশিশু, দেখতে বাড়িতে ভিড়

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় পলিড্যাক্টিলি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ২৮টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে এক কন্যাশিশু, যা এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও লিজা দম্পতির প্রথম সন্তান হিসেবে গত ১৩ সেপ্টেম্বর জন্ম নেয় শিশুটি। ওই দিন দুপুরে লিজা অসুস্থবোধ করলে তাকে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় নবজাতকের।

চিকিৎসকরা লক্ষ্য করেন, শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল রয়েছে প্রতিটি হাত-পায়ে সাতটি করে, এবং প্রতিটি আঙুলেই আছে নখ। এ ছাড়া শিশুটির ঠোঁটও কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। জন্মের দুই দিন পর বাম হাতের একটি অতিরিক্ত আঙুল আপনাআপনি ঝরে পড়ে যায়।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ শিশুটিকে একনজর দেখতে দম্পতির বাড়িতে ভিড় জমাচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, এর আগে তাদের এলাকায় এমন শিশুর জন্মের ঘটনা ঘটেনি।

নবজাতকের বাবা আরিফুল ইসলাম বলেন, "এটি আমাদের প্রথম সন্তান। সবকিছু আল্লাহর ইচ্ছা, আমরা সন্তুষ্ট।"

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস কে সাদেক আলী জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় "পলিড্যাক্টিলি"। তার ভাষ্যমতে, এটি কোনো রোগ বা সমস্যা নয়, বরং একটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। তবে শিশুটির অন্য কোনো স্বাস্থ্যগত জটিলতা আছে কি না তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

   

About

Popular Links

x