সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।”

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং টানা দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট এই মামলা দায়ের করা হয়। মামলায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এখন সবার নজর।