Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

মামলার বাদী প্রতিষ্ঠান বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড এই ক্ষতিপূরণ দিয়েছে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

চেক প্রতারণার মামলায় প্রকৃত আসামি না হয়েও শুধুমাত্র নামের মিলের কারণে চার মাস কারাভোগ করা মামুন মিয়া ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা পেয়েছেন। সংশ্লিষ্ট মামলার বাদী প্রতিষ্ঠান বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড এই ক্ষতিপূরণ দিয়েছে এবং ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামুন মিয়া এবং বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের প্রতিনিধি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে আপসনামা দাখিল করেন। বিচারক তানিয়া সুলতানা লিপি আপসনামা গ্রহণ করে বাদীপক্ষের বিরুদ্ধে মামুন মিয়ার অভিযোগ নিষ্পত্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মিয়া ইব্রাহিম খলিল অপু।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে একই নামের আরেক ব্যক্তি ৩২ লাখ টাকার একটি চেক ইস্যু করেন, যা পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২৫ সালের ২৯ জুন আদালত প্রকৃত আসামিকে এক বছরের কারাদণ্ড ও ৩২ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর থেকে মামুন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি দাবি করেন, তিনি ওই মামলার আসামি নন এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা চেকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

পরে আদালতের নির্দেশে তদন্ত করে শিবপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে জানান, গ্রেপ্তার হওয়া মামুন মিয়া প্রকৃত আসামি নন; কেবল নামের মিলের কারণে ভুলবশত তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ১৯ মে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। পরদিন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর অন্যায়ভাবে কারাভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও শাস্তির আবেদন করেন।

এরপর বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের পক্ষ থেকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেন।

মামুন মিয়ার আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু জানান, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না এমন আশ্বাস দেওয়ায় ভুক্তভোগী মামুন মিয়া বাদীপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করেছেন।

প্রসঙ্গত, নামের মিলের কারণে নিরপরাধ একজন ব্যক্তির কারাভোগের ঘটনা চলতি বছরের শুরুতে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

   

About

Popular Links

x