Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

ইতালির রোমে হামলার শিকার হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমীন। সম্প্রতি রাতের আঁধারে তার ওপর চালানো শারীরিক নির্যাতনের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের বেলা এক ব্যক্তি রাস্তায় বনি আমীনকে শক্ত করে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। বনি নিজেকে ছাড়িয়ে সেখান থেকে সড়ক ধরে জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন ব্যক্তি তার পিছু নিয়ে ধাওয়া করেন। একপর্যায়ে সড়কে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে কয়েকজন মিলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভিডিওর পেছনের কথোপকথনে আক্রমণকারীদের আঞ্চলিক ও স্পষ্ট বাংলা ভাষায় গালাগাল এবং চিৎকার করতে শোনা যায়। এ সময় হামলাকারীরা বনি আমীনকে বারবার 'মৌলবাদী' বলে আখ্যা দিচ্ছিলেন এবং আক্রমণ জোরদার করার জন্য একে অপরকে উসকানি দিচ্ছিলেন।

তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ এবং এতে জড়িতদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক দাবি ও গুঞ্জন ছড়ালেও, সেগুলোর কোনোটিরই সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রোম স্থানীয় পুলিশের কোনো বক্তব্য বা বনি আমীনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা চলছে।

   

About

Popular Links

x