শাশুড়ীকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না একমাত্র পুত্রবধূ আরিফা আক্তারের (২৬)। সন্দেহজনকভাবে আটক করার পর পুলিশের জিজ্ঞাসাবাদে আরো দুই সহযোগীকে নিয়ে শাশুড়ী আছমা আক্তারকে (৫৫) শ্বাসরোধে হত্যা করার তথ্য বেরিয়ে আসে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পুলিশ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। জয়দেবপুর থানার পরিদর্শক (ওসি) নয়ন কুমার কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত শাশুড়ি আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), উজ্জ্বল হোসেন (৪৬) ও স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে ডাকাতির নাটক সাজিয়ে আসমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ নিহতের পুত্রবধূ আরিফা আক্তারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আরিফা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার কর জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।