কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তের শূন্যরেখায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এফ ১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, সাদেকসহ কয়েকজন নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে নদীর তীরে পড়ে যান। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, ২৯ মার্চ একই সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর আহত হয়েছিল। সে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয়দের মতে, সীমান্তে স্থলমাইন স্থাপনের কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়ে চলেছে যা এলাকার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।