ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন আজ।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শপথবাক্য পাঠ করাবেন তাদের।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এ ছাড়া বাসদের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।