কুষ্টিয়ায় ‘পীর’ শামিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবার প্রধান “পীর” আব্দুর রহমান ওরফে শামিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে তার ভক্তবৃন্দ ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামিমের ছবি নিয়ে মানববন্ধনকারীদের দাঁড়াতে দেখা যায়।

এর আগে, সোমবার রাত ১০টার দিকে নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় এ হত্যা মামলা করেন। মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৮০ থেকে ২০০ জনকে।

প্রসঙ্গত, শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত “শামিম বাবার দরবার শরিফ” এ সংঘবব্ধ জনতা ধর্ম অবমাননার অভিযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এতে দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম নিহত হন।

স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হন। শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।