বাহরাইনে কর্মরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন এবং নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা।
মরদেহ হস্তান্তরকালে বাণিজ্যমন্ত্রী বলেছেন, "প্রবাসীদের কল্যাণে সরকার গুরুত্বের সাথে কাজ করছে।"
তিনি আরও জানিয়েছেন, নিহতের সৎকার কার্যের তাৎক্ষণিকভাবে ৩৫,০০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
বৈধভাবে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, "বিদেশগামী কর্মীদের অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করা উচিত এবং এতে তারা সরকারি তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে পারেন।"
এছাড়া, বাণিজ্যমন্ত্রী প্রবাসে কর্মরত সকল বাংলাদেশির নিরাপত্তা এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।