আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৬' পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।  

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

এর পাশাপাশি মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর পদক পাবেন মেজর মোহাম্মদ আবদুল জলিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে 'ইত্যাদি' খ্যাত এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও সংগীতশিল্পী বশীর আহমেদকে (মরণোত্তর) এই সম্মাননা দেওয়া হবে। এছাড়া সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি এবার পাঁচটি প্রতিষ্ঠানকেও রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হবে। তালিকায় আছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে গৌরবময় অবদানের জন্য এই পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পাবেন।