রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ধর্মসিং চাকমা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এবং ধনজয় চাকমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিং চাকমা। এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এসময় পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং চাকমা। এছাড়া ধর্মসিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রওনা হয়েছে।
এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।
এদিকে, ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর ও কুতুকছড়ির বিভিন্ন অংশে সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে ইউপিডিএফ।