সামাজিক যোগাযোগমাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রেক্ষাপটে সবাইকে সচেতনভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমান প্রেক্ষাপটে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, “পলিটিক্সের অনেক কচকচানি থাকবে। পার্লামেন্টের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনলে আপনাদের মনে হবে যে এটা আবার কী হলো? যা আমরা আশা করিনি। টেলিভিশনের টক শো আপনাদেরকে বিভ্রান্ত করবে। আর আরও বেশি বিভ্রান্ত করবে আপনাদের সোশ্যাল মিডিয়া।”
তিনি উপস্থিত তরুণদের উদ্দেশ্যে বলেন, “সোশ্যাল মিডিয়াতে সবাই এখন আক্রান্ত। তাই এ বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে।”
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ হয়েও ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে। কারণ, সোশ্যাল মিডিয়া সব সময় ভালো জিনিস বয়ে নিয়ে আসে না। আমাদের দেশে এই নেতিবাচক প্রভাবটা খুব বেশি পড়েছে।”
সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবে হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।
তবে নানা সীমাবদ্ধতার মাঝেও বিভিন্ন খাতে দেশের অগ্রগতির কথা উল্লেখ করেন তিনি। বিশেষ করে খাদ্য ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করে আগামীতে আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।