Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুল: জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি-বিতর্কের অবসান হওয়া উচিত 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘‘আলাপ-আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হওয়া প্রয়োজন।’’ 

রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। 

চব্বিশের অভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার বলা আছে-যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারা নিজেদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। কিন্তু বিষয়টি কেন জানি আমরা এড়িয়ে যাচ্ছি।’’ 

তিনি বলেন, ‘‘দেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।’’ 

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা এই অল্প সময়ে পুরোপুরি শুধরে নেওয়া সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে।’’ 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে নগদ এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 

   

About

Popular Links

x