Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

তিনি আতাইকুলার ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

পাবনার আতাইকুলা উপজেলার একটি বাগান থেকে আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার উজিরের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে না আসায় রাতেই আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এরপর, শনিবার বিকেলে স্থানীয়রা বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন। 

স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

   

About

Popular Links

x