পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আহত অবস্থায় অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে ছুটে আসেন বাবা আনিসুর রহমান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে পথেই লালপুরে পৌঁছে মৃত্যু হয় আকিবের। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব।
আকিবের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন থাকার কথা জানিয়ে বাবা আনিসুর রহমান সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন।
বিভিন্ন সূত্র বলছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন এবং শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালু মহাল দখল ও আধিপত্য নিয়ে মেহেদি বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রাথমিক ধারণা, কাকন বাহিনীর লোকজনই আকিবকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে রেখে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “নিহতের শরীরে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন মেলেনি, তবে মারধরের চিহ্ন আছে। এ কারণেই মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”



