ঢাকার সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
ডিবির বার্তায় বলা হয়, ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার সিংগাইর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দক্ষিণ পাশে হুমায়ুন নামের এক ব্যক্তির মালিকানাধীন লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় কয়েকজন অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ ব্যবসা পরিচালনা করছেন।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়। তারা হলেন পাবনা সদর উপজেলার মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রেজাউল কবির (৫৪), ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর উপজেলার মো. সুজন (৪৩)।
আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের প্রচলিত আইনে অনুমোদনহীন ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি (USDT) লেনদেন এবং বিকাশ ও নগদের মাধ্যমে ওভারসেল ডিপোজিট, ট্রান্সফার ও অর্থ উত্তোলনের কাজে ব্যবহৃত বিন্যান্স (Binance) অ্যাপসহ চারটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।



