খুলনায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাসের মরদেহ পাওয়া গেছে। 

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনের সময় তার মৃত্যুর খবর পাওয়া যায়। 

যদিও পুলিশের ধারণা, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেছেন।

তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। নিহতের স্ত্রী সাতক্ষীরা জেলায় কর্মরত এক পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, “গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। ভোর রাত ৪-৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। পরে ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।”

তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।