সাতক্ষীরা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় তামান্না সুলতানা (১২) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না সুলতানা স্থানীয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের দোনপার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামান্না। ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইজিবাইকটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।