চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শাহদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে নেমেছিল। তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানিয়েছেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।