বাংলার জয়যাত্রাসহ সব বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে ইরানকে অনুরোধ

বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে পারাপার করতে পারে, সে ব্যবস্থা নেওয়ার জন্য আবারও ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

রবিবার (১৯ এপ্রিল) রাতে সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ-এর সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ  জানান। 

এর আগে বৃহস্পতিবার আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে যোগ দিতে তুরস্কে যান পররাষ্ট্রমন্ত্রী। 

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য বেছে নেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, হরমুজ প্রণালিকে ঘিরে সার্বিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

খলিলুর রহমান আবারও জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশের অবস্থান ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল। সংঘাত নয়, বরং ধৈর্য্যশীলতার পরিচয় রেখে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমস্যার নিরসনের ওপর জোর দেন তিনি।