জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার সুযোগে দেশে এক নতুন ধরনের ব্যবসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন শপগুলোতে গাড়ি থেকে তেল নামানোর পাইপ এবং তেল সংরক্ষণের সরঞ্জামের বিজ্ঞাপন আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ভুক্তভোগী ও অনলাইন ব্যবহারকারীদের মতে, সাধারণ মানুষ যখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না, তখন কিছু চক্র গাড়ি থেকে তেল চুরি বা মজুদ করার সরঞ্জাম বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। অনলাইনে মিলছে বিশেষ ধরনের পাম্প ও পাইপ, যা দিয়ে সহজেই তেলের ট্যাঙ্ক থেকে তেল বের করে আনা যায়।
বিশ্লেষকরা বলছেন, পাম্পে তেলের এই কৃত্রিম সংকট এবং খোলা বাজারে ৩০০ টাকা লিটার দরে তেলের কালোবাজারি মূলত এ ধরনের সরঞ্জামের অপব্যবহারের কারণেই বাড়ছে। একটি প্রভাবশালী সিন্ডিকেট পাম্প থেকে তেল সরিয়ে বাইরে মজুদ করছে, যার ফলে সাধারণ চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এ অবস্থায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি তেলের অবৈধ মজুদ এবং সরঞ্জাম বিক্রির ওপর কঠোর তদারকি ও প্রশাসনের অভিযান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নেটিজেনরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ না করলে এই কালোবাজারি পুরো পরিবহন ও বাজার ব্যবস্থায় ভয়াবহ অস্থিরতা তৈরি করবে।