ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৮৫ শিশু।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হাসপাতালটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরো ৩৩ শিশু ভর্তির মধ্য দিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৫ শিশু। একই সময়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৬৮৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮৫ শিশু। মৃত্যু হয়েছে ১৫ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে জানান, এ বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল দল গঠন করে চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে কোনো শিশু মারা যায়নি।