পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর পদ্মা নদীতে টহলের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ৫ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌফাঁড়ির একটি দল পদ্মানদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে তাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, নৌফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। এদের প্রত্যেকেই লক্ষীকুন্ডা নৌফাঁড়িতে কর্মরত।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাবনা পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ বলেন, “বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, দ্রুততম সময়ে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”