ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেছে।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট এ সহায়তা তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।