হাম নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার তীব্র ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

ডব্লিউএইচও-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক মাসে ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের শরীরে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ হাজার ৩১৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় ৯১ শতাংশ জেলা এখন হামের কবলে। আটটি বিভাগেই সংক্রমণ পাওয়া গেলেও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত এক মাসে ঢাকা বিভাগে ৮ হাজার ২৬৩ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। বিশেষ করে ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল, মিরপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল ও বস্তি এলাকায় সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগেও সংক্রমণ তীব্র হচ্ছে।