মায়ের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী ছেলে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মায়ের ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।

বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার।

মিলন মধু জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছর ধরে সে জর্ডান থাকে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তার মার ইচ্ছে পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। পারিবারিকভাবেই এই বিয়ে হচ্ছে। 

মিলন মধুর মা ললিতা মধু বলেছেন, "আমার ইচ্ছে পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে। এতে আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে মিলন আগামী রবিবার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।"

এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিজয় মধু বলেছেন, "মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়। সে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এটাই প্রথম বিয়ে।"