গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন বাসযাত্রী আহত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) খোন্দকার মো. আওরঙ্গজেব জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরপ্রসন্নদী ব্রিজের উপর অন্য একটি গাড়ীকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ২ বাসের অন্তত ৪০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পর ওই সড়কে ২ পাশে অসংখ্য যানবাহন আটকা পরে। পরে দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।



