Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন 

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ডাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামকস্থানে দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। 

প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ নামে একজন জানান, শব্দ শুনে আসে দেখি বাস নীচে পড়ে গেছে। আহতদের বের করার চেষ্টা করি। প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিল। কমবেশি সবাই আহত হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী সোনালী পরিবহনের লোকাল বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  ডাম ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।’’ 

তিনি আরও বলেন, ‘‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের নিরাপত্তাকর্মী ও একজন নারী মারা যান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’’ 

   

About

Popular Links

x