চট্টগ্রাম নগরের ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন সরদার কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। তিনি মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকাল সোয়া ৬টার দিকে নগরের ইস্পাহানি চেকপোস্টে কর্মরত থাকা অবস্থায় ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টার সময় একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর আনুমানিক ৪টায় তার মৃত্যু হয়।
এদিকে, চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাস চালককে আটক ও বাসটি জব্দ করে। পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, “রবিবার ভোরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে একটি বাসের ধাক্কায় ওই কনস্টেবল আহত হন। চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”



