রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহত হওয়ার ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম লিমন খান (২৬)।
বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে তিনি জানান, রবিবার (১৬ আগস্ট) সকালে অলি নূর মাহমুদ মোটরসাইকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চালক বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে তার মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন।
পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
নিয়াজ মেহেদী জানান, মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক কাভার্ডভ্যানের চালক ও গাড়িটি শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে লিমন খানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।



