গোপালগঞ্জে ৬৪,১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন-গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা অতিক্রম করার সময় সেটিতে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে তারা প্রথমে ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে তাদের সাথে থাকা একটি লাগেজে তল্লাশি চালানো হয়। ওই লাগেজের ভেতর থেকে আরও ৫৯,১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটক ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।”
তিনি জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।



